ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী টার্মিনাল থেকে চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে ফরিদপুর-রাজবাড়ী রুটে সকল পরিবহন ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ড ও রাজবাড়ী রোডের মোড় এলাকায় অবস্থান নিয়ে রাজবাড়ী রোড হয়ে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। এতে ফরিদপুর থেকে রাজবাড়ীগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, রাজবাড়ী জেলার মালিক সমিতি ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী টার্মিনাল থেকে ছাড়তে না দেওয়ায় এর প্রতিবাদে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় রাজবাড়ী রোডে চলাচলকারী বিভিন্ন বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফরিদপুর-রাজবাড়ী রুটের যাত্রীরা ভোগান্তির শিকার পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।









