বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন :- শামা ওবায়েদ
ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন, যা আগে কোনো সরকার দেয়নি।
সালথা-নগরকান্দার সকল মসজিদ-মাদ্রাসা ও আলেম সমাজের পাশে আমার বাবা আজীবন ছিলেন। এমন কোনো মসজিদ-মাদ্রাসা নেই যেখানে আমার বাবা সহযোগিতা করেননি। আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নেত্রী আরও বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। বাবা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সবকিছু করতে পারিনি, কিন্তু কাউকে ক্ষতি করিনি।
আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। হিন্দু-মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকবো। গত বছর দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপে দিনরাত পাহারা দিয়েছে। আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।
এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না।
সালথার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে। বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দেব না।
শামা ওবায়েদ উপস্থিত এলাকাবাসীর উদ্ধেশ্যে বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সালথায় শিশুদের খেলাধুলার একটি সুন্দর মাঠের ব্যবস্থা করা হবে। যাতে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশ করতে পারে।
এসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ প্রমুখ।









